• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৯:৫৮ সকাল

কক্সবাজারে একদিনে ৮ প্রাণের মৃত্যু মিছিল

ফাইল ফটো

সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, রোহিঙ্গা ক্যাম্পে শিশুমৃত্যু, রহস্যজনক মৃত্যু আর আত্মহত্যা- একটি মঙ্গলবারেই কক্সবাজার জেলায় ঝরে গেল আটটি প্রাণ। পৃথক এসব ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে একাধিক পরিবারে।

রেস্টুরেন্টের স্টাফ কোয়ার্টারে মরদেহ:

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় 'শালিক রেস্টুরেন্ট'-এর স্টাফ কোয়ার্টার থেকে স্টোর ম্যানেজার সাইফুল ইসলাম সুমনের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে রুমমেট শামসুল আলম তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে সহকর্মীদের ডাকেন। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।

ক্যাম্পে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, গাড়ি ভাঙচুর:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩- এ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির ধাক্কায় মারা গেছে চার বছরের শিশু আবু ওয়াইদা। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ক্ষুব্ধ রোহিঙ্গারা গাড়িটি ভাঙচুর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। গাড়িচালক ঘটনার পর পালিয়ে যান।

উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহাসড়কে বাসের ধাক্কায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মো. মিজানুর রহমান। চন্দনাইশে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মিজানুর সড়কেই মারা যান। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২:

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের রাজারছড়া এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল রাস্তা পার হওয়া কিশোর রকুমুল্লাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলচালক মোক্তার হোসেন (৪৮)। আহত কিশোর রকুমুল্লা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

কাজে যাওয়ার পথে বজ্রাঘাতে লবণশ্রমিকের মৃত্যু:

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে কাজে যাওয়ার পথে সেতুর ওপর বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন লবণশ্রমিক রমিজ উদ্দীন (৪৫)। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

দীর্ঘ অসুস্থতায় বৃদ্ধের আত্মহত্যা:

ঈদগাঁও উপজেলার জাগিরপাড়া এলাকায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুরুল হক (৮০)। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১:

চকরিয়ার মালুমঘাট এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. ইউসুফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। হাইওয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

একদিনে এতগুলো প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা বলছেন, সড়কে বেপরোয়া যান চলাচল, নিরাপত্তা ঘাটতি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতার অভাবে জেলায় অপমৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান বলেন, 'একদিনে আটটি পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে- এটা শুধু সংখ্যা নয়, এটা আটটি পরিবারের অপূরণীয় ক্ষতি। একটি জেলায় একদিনে আটজনের অপমৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। সড়কে বেপরোয়া যান চলাচল রোধে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর ভূমিকা দরকার। যে চালকেরা দুর্ঘটনার পর পালিয়ে যাচ্ছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দায়মুক্তির সংস্কৃতি বন্ধ না হলে এই মৃত্যুর মিছিল থামবে না।'

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]