• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১১ মিনিট পূর্বে
মোঃ কামরুল হাসান নিরব
ফেনী প্রতিনিধি
প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৭:৪৭ বিকাল

ফেনীর টমটম চালক সবুজ হত্যা মামলার বিচারকাজ শুরু, অভিযুক্ত ১২৪ জন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টমটম চালক মো. সবুজ হত্যা মামলার বিচারকাজ শুরু হয়েছে। ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. সিরাজউদ্দৌলাহ কুতুবী ১২৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে এ আদেশের মাধ্যমে দীর্ঘদিনের আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ঘটনায় দায়ের হওয়া ২৪টি মামলার মধ্যে এটিই প্রথম কোনো মামলা, যার আসামিদের মধ্যে রয়েছেন ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীসহ মোট ১২৪ জন।

বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, আসামি কারা তা মুখ্য বিষয় নয়; ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে ফেনীবাসী আশা করছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে নিহত হন টমটম চালক মো. সবুজ। এ ঘটনায় একই বছরের ১৩ আগস্ট নিহতের ভাই মো. ইউছুফ বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় শুরুতে ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে ৬৫ জনের সঙ্গে নতুন করে শনাক্ত ৫৯ জনসহ মোট ১২৪ জনকে অভিযুক্ত করে গত বছরের ৯ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়।

এরপর ২২ ডিসেম্বর পলাতক থাকায় নিজাম উদ্দিন হাজারীসহ ৭১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ পর্যন্ত মামলায় এজাহারভুক্ত ৫ জন এবং সন্দেহভাজন ৩৯ জনসহ মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৭ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য, মহিপালের ওই ঘটনার পর এখন পর্যন্ত ফেনী মডেল থানায় মোট ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭টি হত্যা এবং ১৭টি হত্যাচেষ্টা ও সহিংসতার মামলা। দায়ের হওয়া ৮টি হত্যা মামলার মধ্যে এখন পর্যন্ত ৩টির চার্জশিট জমা পড়েছে।

এ ঘটনায় দায়ের হওয়া আরেকটি হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল-এর নামও চার্জশিটে অন্তর্ভুক্ত রয়েছে।

এ ঘটনায় বিচার কার্যক্রম শুরু হওয়ায় ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ সুবিচার প্রত্যাশা করছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]