বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হাই খোকনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) ভোর রাতে ঢাকার আশুলিয়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত হবিবর রহমান মাস্টারের ছেলে। এছাড়াও তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
থানা সূত্রে জানা যায়, আব্দুল হাই খোকনের বিরুদ্ধে বিস্ফোরক, হত্যা, জালিয়াতি ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে একটি মামলায় আদালতের একটি গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।
পুলিশ জানায়, ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকায় তার অবস্থানের তথ্য পেয়ে আশুলিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে শনিবার ভোর রাতে তাকে আটক করে। পরে তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর শনিবার দুপুরে আব্দুল হাই খোকনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মামলার আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর