• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৮:৪৮ রাত

কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম

ফাইল ফটো

কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) ব্যক্তি হিসাবে ‘অ্যাড মানি’ বা টাকা স্থানান্তরের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে নিজের নামে নিবন্ধিত এমএফএস হিসাবে অন্য কোনো ব্যক্তির কার্ড ব্যবহার করে টাকা আনা যাবে না। একই সঙ্গে নতুন কোনো কার্ড যুক্ত করার ক্ষেত্রে প্রথমবার সর্বোচ্চ ৫০০ টাকার পরীক্ষামূলক বা ‘টোকেন লেনদেন’ বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, গ্রাহকের নিরাপত্তার স্বার্থে সাময়িক পদক্ষেপ হিসেবে প্রথমবার কোনো কার্ড এমএফএস হিসাবে যুক্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। এই লেনদেনটি সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি ওই এমএফএস হিসাবের সঙ্গে স্থায়ীভাবে সংযুক্ত হবে এবং গ্রাহক নিয়মিত লেনদেন করতে পারবেন।

তবে এই নিয়মে কিছুটা ছাড় মিলবে আগামী ১ জুন থেকে।

সার্কুলার অনুযায়ী, আগামী ১ জুন থেকে কার্ড থেকে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে কার্ডধারী এবং এমএফএস হিসাবধারী একই ব্যক্তি কি না তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ, কার্ডটি যার নামে, বিকাশ বা নগদ অ্যাকাউন্টটিও তার নামেই নিবন্ধিত হতে হবে। নাম মিলে গেলে কার্ড সংযুক্ত করার ক্ষেত্রে ওই ৫০০ টাকার টোকেন লেনদেনের বাধ্যবাধকতা আর থাকবে না। সরাসরি কার্ড যুক্ত করে নিয়মিত লেনদেন করা যাবে।

সার্কুলারে আরও একটি বড় কারিগরি পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে। এতদিন কার্ড থেকে এমএফএসে টাকা আনার প্রক্রিয়াটি অনেক ক্ষেত্রে ‘মার্চেন্ট পেমেন্ট’ হিসেবে দেখানো হতো। কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়েছে, এখন থেকে এই লেনদেনকে মার্চেন্ট পেমেন্টের পরিবর্তে ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে বিবেচনা বা চিহ্নিত করতে হবে। একই সঙ্গে লেনদেনটি সম্পন্ন হওয়ার সময় কোন বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বরে (মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট) টাকা যাচ্ছে, তা কার্ড ইস্যুকারী ব্যাংকের কাছে স্পষ্ট ও দৃশ্যমান হতে হবে।

এমএফএস প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই প্রযুক্তিগত ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো প্রতিষ্ঠান এই সময়সীমার মধ্যে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে, আগামী ১ আগস্ট থেকে ওই প্রতিষ্ঠানের কার্ড থেকে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ করার সুবিধা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এমএফএস ব্যক্তি হিসাবের মাধ্যমে অন্য সব লেনদেনের ক্ষেত্রে আগের নিয়ম যথারীতি বহাল থাকবে।

এই নতুন নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]