বান্দরবানের লামা উপজেলার হৃদরোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবা। এর ফলে লামা ও আশপাশের এলাকার রোগীদের হৃদ্যন্ত্রের পরীক্ষা করাতে দূরের শহরে যাওয়ার ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন এবং লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. সোলাইমান। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী, হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এত দিন লামা, বমুবিলছড়ি ও পার্শ্ববর্তী আলীকদম উপজেলার হৃদরোগীদের ইকো-কার্ডিওগ্রাম পরীক্ষা করাতে বান্দরবান জেলা সদর কিংবা চট্টগ্রাম ও কক্সবাজারের মতো বড় শহরে যেতে হতো। এতে রোগীদের সময় ও যাতায়াতের বাড়তি ভোগান্তির পাশাপাশি অর্থ ব্যয়ও হতো বেশি। নতুন এ সেবা চালুর ফলে স্থানীয়ভাবে কম খরচে হৃদ্যন্ত্রের পরীক্ষা করানোর সুযোগ তৈরি হলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন অ্যাম্বুলেন্স সংযোজনসহ ভবিষ্যতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর