নতুন শুল্ক আরোপের হুমকি সত্ত্বেও ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিদ্যমান জটিলতা কাটিয়ে দুই দেশের মধ্যে শিগগিরই একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের ভিত্তিতেই দুই দেশ একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবে।
ট্রাম্পের এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন মার্কিন প্রধান বাণিজ্য আলোচক ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দিল্লিতে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ও আলোচনার অগ্রগতি নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে জানিয়েছে, উভয় দেশই পারস্পরিক লাভজনক দ্বিপাক্ষিক চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে আলোচনার মধ্যেই নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দিল্লিতে মার্কিন প্রতিনিধি দলের অবস্থানকালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জোরপূর্বক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগে কয়েকটি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দেয়। তালিকায় ভারতের নামও রয়েছে, ফলে দেশটির রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনা দেখা দিয়েছে।
তবে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি। জনমত ও সংশ্লিষ্ট পক্ষের মতামত বিবেচনা করে মার্কিন বাণিজ্য প্রতিনিধি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। একইসঙ্গে বৃহত্তর বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
এদিকে ট্রাম্প আবারও ভারতের বাণিজ্য নীতির সমালোচনা করে দাবি করেন, দীর্ঘদিন ধরে উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি সুবিধা ভোগ করেছে। তবে বর্তমান পরিস্থিতি বদলেছে উল্লেখ করে তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্র ভারতীয় বাজার থেকে আগের তুলনায় বেশি অর্থনৈতিক সুবিধা পাচ্ছে।
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে ভারত ছিল অন্যতম। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশ একটি অন্তর্বর্তীকালীন চুক্তির কাঠামোতে সম্মত হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে ট্রাম্প প্রশাসনের আরোপিত কয়েকটি শুল্ককে মার্কিন সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে বাতিল করায় আলোচনায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়।
একসময় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল। পরে তা কমিয়ে ১৮ শতাংশে আনা হয় এবং আদালতের রায়ের পর আরও কমে ১০ শতাংশে নেমে আসে।
বিশ্লেষকদের মতে, গত ফেব্রুয়ারিতে ভারত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি, উড়োজাহাজ, প্রযুক্তি ও কৃষিপণ্যসহ প্রায় ৫০০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানির প্রতিশ্রুতি দেওয়ার পরই ওয়াশিংটন শুল্ক হ্রাসের পথে হাঁটে।
সূত্র: বিবিসি।
কুশল/সাএ
সর্বশেষ খবর