শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে রূপবান বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনার পর থেকে অভিযুক্ত আলিয়া সরকার (৫৫) পলাতক রয়েছে।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী।
নিহত রূপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী এবং অভিযুক্ত আলিয়া সরকার ওই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৪ জুন) সকালে রূপবান বেগমের একটি ছাগল আলিয়া সরকারের উঠানে ঘাস খেতে যায়। এ সময় আলিয়া সরকার ছাগলটিকে কুপিয়ে হত্যা করে। পরে ছাগলের বিষয়ে জানতে আলিয়া সরকারকে জিজ্ঞাসা করতে যান রূপবান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আলিয়া সরকারের হাতে থাকা ধারালো 'দা' দিয়ে রূপবানের পায়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান তিনি।
এদিকে, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে বক্তব্য নিতে জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই আবু তালেব মুঠোফোনে জানান, ঘটনায় মামলা হয়েছে শুনেছি। এছাড়া আর কিছুই জানি না।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় ঘটনার দিনই মামলা নেওয়া হয়েছে। পরে গতকাল চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে শাহবাগ থানার মাধ্যমে।
ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তবে আসামি গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর