পঞ্চগড়ের দারুন নাজাত মদিনাতুল উলুম ক্বওমি মাদরাসার ভবনে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হলেও পবিত্র কোরআন শরিফের আয়াতের পাতাগুলো অক্ষত রয়েছে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিরা আল্লাহ ও তাঁর কালামের মহত্ব প্রকাশ করছেন। শনিবার বিকেলে শহরের পূর্ব জালাসী গরুহাটির এই মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
ইতিমধ্যে মাদরাসাটির প্রায় ৮ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে নষ্ট হয়েছে। আসবাবপত্র, এসি, ফ্রিজ, ফ্যান, চাল, ডিম ও আলুসহ খাদ্য সামগ্রী পুড়ে যায়। তবে শেলফে রাখা পবিত্র কোরআনের মোড়ক পুড়লেও ভেতরের পাতাগুলো অক্ষত রয়েছে। এই দৃশ্য দেখার জন্য উৎসুক মানুষেরা ভিড় করেন।
স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, "আল্লাহর কি মহত্ব, সব পুড়লেও তাঁর কালাম পুড়েনি।" ওই মাদরাসার শিক্ষক রমজান আলী বলেন, "আমাদের মাদরাসা ঘরের সব পুড়ে গেছে। এ ক্ষতি অপূরণীয়। তবে কোরআনের কোনো আয়াত পুড়েনি। আল্লাহ মহান।"
পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কান্তি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তাঁদের হিসেবে প্রাথমিকভাবে ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর