গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে রাজশাহী অঞ্চল থেকে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মীর শাকরুল আলম সীমান্ত। তবে নির্বাচনের একদিন পরই, সোমবার (৮ জুন) তিনি পদত্যাগ করেছেন।
সীমান্ত আজ বিসিবি সভাপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন।বিষয়টি একাধিক বিসিবি পরিচালক নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ব্যবসায়িক ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সন্তান।
পদত্যাগপত্রে তিনি বলেন, বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হলেও বর্তমানে পারিবারিক ব্যবসা পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর রয়েছে। ফলে বিসিবির মতো জাতীয় প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয়।
তিনি আরও জানান, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তার পদত্যাগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। তবে নির্বাচনের আগেই তিনি দায়িত্ব না নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। নির্বাচিত হওয়ার মাত্র একদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর