কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে, পাটের উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ প্রযুক্তির প্রসার এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’।
উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা সদর-এর আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, পাটনার (PARTNER) প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
অ্যাডভোকেট নুরুল আমিন, পিপি জজ কোর্ট, বরগুনা এবং জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপপরিচালক রবীন্দ্র নাথ বিশ্বাস। প্রধান অতিথি বলেন, পাট আমাদের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পাট উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
কংগ্রেসে পাট চাষে উন্নত জাতের বীজ, রোগবালাই ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সফল কৃষকদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও সৃষ্টি হয়। অনুষ্ঠানে পাঁচজন কৃষককে সেরা কৃষক হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কৃষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কৃষকের আর্থ-সামাজিক উন্নয়ন এবং পাটের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর