শেরপুরে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য মিলনমেলা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে শেরপুর সরকারি কলেজ মাঠে এই মিলনমেলার আয়োজন করা হয়।
মিলনমেলা শেষে সমর্থকদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্রাজিল সমর্থকরা ভুভুজেলা বাঁশি বাজিয়ে, রঙিন ফেস্টুন, ব্যানার এবং বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
র্যালিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত শেরপুরের বাসিন্দা শিবুও অংশ নেন। আর্জেন্টিনা দলের সমর্থক থেকে ব্রাজিলের সমর্থকে পরিণত হওয়ার ঘটনায় তিনি সম্প্রতি আলোচনায় আসেন। ব্রাজিল সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজক কমিটির অন্যতম সদস্য জাকির হোসেন বলেন, আমরা ব্রাজিল ফুটবল দলের দীর্ঘদিনের সমর্থক। আমাদের বিশ্বাস, তারকা খেলোয়াড়ে সমৃদ্ধ ও নান্দনিক ফুটবল খেলার কারণে এবার ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার। সেই প্রত্যাশা থেকেই আমরা এই মিলনমেলা ও আনন্দ র্যালির আয়োজন করেছি।
তিনি আরও জানান, ফুটবলপ্রেমীদের জন্য আগামী দিনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রজেক্টরের মাধ্যমে ব্রাজিল দলের খেলা প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর