যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে তীব্র সমালোচনা করেছেন দেশটির ডেমোক্র্যাট দলের কয়েকজন শীর্ষ আইনপ্রণেতা। তারা এই চুক্তির কার্যকারিতা ও শর্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ হয়েছে—তিনি আশা করেন বিষয়টি সত্যি। তবে অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্পের অনেক প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। তার ভাষায়, নতুন যুদ্ধ শুরু হলেও খরচ কমানো সম্ভব হয়নি, যা আমেরিকান জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
অন্যদিকে কংগ্রেসম্যান সেথ মৌলটন সম্ভাব্য এই চুক্তিকে “মূলত একটি আত্মসমর্পণের দলিল” বলে মন্তব্য করেন।
তিনি মার্কিন টেলিভিশন এমএস নাউকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি একটি “খুবই খারাপ চুক্তি” এবং এটি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি আত্মসমর্পণমূলক দলিলের মতো। তার দাবি অনুযায়ী, বিপুল পরিমাণ অর্থ ব্যয় এবং প্রাণহানির পরও চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র বাস্তবে কোনো উল্লেখযোগ্য লাভ পায়নি।
মৌলটন আরও বলেন, প্রায় ১০০ বিলিয়ন ডলার করদাতার অর্থ ব্যয় এবং ১৪ জন মার্কিন নাগরিকের মৃত্যুর পরও যে চুক্তি করা হচ্ছে, তা এমন একটি জলপথ পুনরায় চালুর বিষয় নিয়ে, যা তার মতে আগেই কার্যত খোলা ছিল। ফলে এটি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জন্য সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে না।
এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর