চলমান ফুটবল বিশ্বকাপের সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের স্প্যানিশ ভাষায় কথা বলায় বাধা দিয়ে বড় ধরনের সমালোচনার মুখে পড়েছিল ফিফা। ভিনিসিয়ুস জুনিয়র, আশরাফ হাকিমি বা ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের মতো তারকারা স্প্যানিশ ভাষায় উত্তর দিতে চাইলেও তাদের থামিয়ে ইংরেজিতে বলার অনুরোধ করা হচ্ছিল—এমন দৃশ্য নিয়ে গত কয়েক দিন ধরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত দর্শকদের সেই চাপের মুখে নিয়ম বদলেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন থেকে সব সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষায় কথা বলার অনুমতি থাকবে। শুধু তাই নয়; সংবাদমাধ্যম, খেলোয়াড় ও কোচদের সুবিধার্থে প্রতিটি সংবাদ সম্মেলনে একজন করে স্প্যানিশ অনুবাদক (ট্রান্সলেটর) রাখার ঘোষণা দিয়েছে ফিফা। পাশাপাশি, ফিফার নিজস্ব অ্যাপেও স্প্যানিশ থেকে অনুবাদের ফিচারটি দ্রুত চালু করা হবে।
এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো। মেক্সিকোর প্রতি সম্মান ও সৌজন্যবোধ থেকেই ফিফা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আগে নিয়ম ছিল, কেবল যে দলের মূল ভাষা স্প্যানিশ, তারাই এই ভাষায় কথা বলতে পারবে। কিন্তু সাম্প্রতিক বিতর্কের পর ফিফা বুঝতে পেরেছে, এই কঠোরতা ফুটবলের বৈশ্বিক আমেজের সঙ্গে মানানসই নয়। নতুন নিয়মে এখন সব ম্যাচেই স্প্যানিশ ভাষার উপস্থিতি নিশ্চিত করা হবে।
ফিফা এও জানিয়েছে, এই পরিবর্তনটি পুরোপুরি কার্যকর করতে কয়েকদিন সময় লাগতে পারে, তবে এখন থেকে স্প্যানিশ ভাষার ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হবে। ফিফার এই ইউ-টার্ন ফুটবল মহলে প্রশংসিত হচ্ছে। সাম্প্রতিক সব বিতর্কের পর ফিফার সামনে এর চেয়ে বাস্তবসম্মত আর কোনো বিকল্প ছিল না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এখন থেকে মাঠের লড়াইয়ের পাশাপাশি সংবাদ সম্মেলনগুলোতেও স্প্যানিশ ভাষার স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত হলো—যা বিশ্বকাপের বৈচিত্র্যকে আরও বাড়িয়ে তুলবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর