মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যকে কেন্দ্র করে ইতালি ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অভিযোগ করেছেন, ট্রাম্প তার সম্পর্কে সম্পূর্ণ মনগড়া একটি গল্প বলেছেন।
সম্প্রতি একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জি৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। তিনি আরও বলেন, মেলোনি তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে খুশি ছিলেন এবং তিনি সৌজন্যবশত তার সঙ্গে কথা বলেছেন।
ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার মেলোনি বলেন, এসব মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাকে বিস্মিত করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন তার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন, তা তার বোধগম্য নয়।
মেলোনি আরও অভিযোগ করেন, ট্রাম্প পশ্চিমা বিশ্বের মিত্রদের তুলনায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ও শত্রু রাষ্ট্রগুলোর নেতাদের প্রতি বেশি নমনীয় আচরণ করেন। তিনি এটিকে হতাশাজনক বলে উল্লেখ করেন।
এ ঘটনায় ইতালির সরকারের অসন্তোষ প্রকাশ পায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির ঘোষণায়। তিনি আগামী সপ্তাহে নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে দুই নেতাকে একসঙ্গে আলোচনায় দেখা যাওয়ায় তাদের সম্পর্কের উন্নতির আভাস মিলেছিল। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর সেই সম্পর্ক আবারও টানাপোড়েনের মুখে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
মেলোনি বলেন, “ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া। আমি সত্যিই বিস্মিত। এটি প্রথমবার নয় যে তিনি তার মিত্রদের সম্পর্কে এমন মন্তব্য করেছেন।”
সবশেষে তিনি জোর দিয়ে বলেন, “আমি কিংবা ইতালি কখনো কারও কাছে অনুনয়-বিনয় করি না।”
সাজু/নিএ
সর্বশেষ খবর