স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তিনি আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে দেখেন না; বরং এটিকে একটি “মাফিয়া পার্টি” হিসেবে আখ্যায়িত করেন। তাঁর দাবি, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। আসন্ন ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো কার্যক্রমের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার আশা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব কাগজপত্র পাঠানো হয়েছে এবং আশা করা হচ্ছে প্রক্রিয়া শেষ করে দেশটি দ্রুতই তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে।
এ সময় তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ দমনসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, ‘মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এ মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। এখানকার অপরাধীদের নির্মূল করা হবে।’
তিনি বলেন, ‘সেটি এর মধ্যে সবার দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচিত সরকার আসার পরে পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করছেন যে তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর