চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথিত স্বামী ও ব্যবসায়িক অংশীদার, প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে চাকরি ও ডিলারশিপ দেওয়ার নামে প্রতারণা, গাড়ি ভাড়া নিয়ে আত্মসাৎ এবং কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় প্রায় ১৮ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বাথরুমের ফলস সিলিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে গুলশানের ওই বাসায় মির্জা আবুল বাশারের অবস্থানের বিষয়ে নিশ্চিত ছিল পুলিশ। পরে একটি মামলার বাদীকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন গুলশান থানার ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান। তিনি গণমাধ্যমকে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মির্জা বাশারকে খুঁজছিলাম। তাঁর বিরুদ্ধে প্রতারণার অসংখ্য অভিযোগ রয়েছে। বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়ে গত রাত থেকে বাসাটিতে অভিযান পরিচালনা করি। বাসার ম্যানেজার ও তাঁর অফিসের একজন স্টাফকে নিয়ে খোঁজাখুঁজি করেও প্রথমে তাঁকে পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “একপর্যায়ে বাথরুমের একটি ফলস সিলিং দেখে সন্দেহ হয়। পরে একজন কর্মকর্তাকে সেখানে তল্লাশি করতে বললে সেখান থেকেই মির্জা বাশারকে গ্রেপ্তার করা হয়।”
তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
উল্লেখ্য, পটুয়াখালীর ইসলামাবাদের পশ্চিম আউলিয়াপুর এলাকার বাসিন্দা মির্জা আবুল বাশার মামুন এর আগেও প্রতারণার অভিযোগে আইনের মুখোমুখি হয়েছেন। গত বছরের অক্টোবরেও একটি প্রতারণা মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল গুলশান থানা পুলিশ।
সাজু/নিএ
সর্বশেষ খবর