রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এ ধরনের তথ্য সঠিক নয় এবং ক্যামেরাগুলো এখনো নিয়মিতভাবে সচল রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন পোস্টে দাবি করা হয়, কারওয়ান বাজারের পর বাংলামোটরের এআই ট্রাফিক ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রযুক্তিনির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে বলে অনেকে ধারণা করেন।
এ বিষয়ে ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ গণমাধ্যমকে জানান, কারওয়ান বাজার এলাকায় এআই ক্যামেরা ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছিল। তবে এটি কোনো নীতিগত সিদ্ধান্ত বা কার্যক্রম বন্ধের কারণে নয়। মূলত ওই এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামোর কিছু কারিগরি কাজ চলার সময় ক্যামেরার সংযোগ তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাময়িকভাবে কার্যক্রম ব্যাহত হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় মেরামত ও ত্রুটি সারানোর পর ক্যামেরাগুলো আবারও সচল করা হয়েছে। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় তিনটি এআই ক্যামেরা চালু রয়েছে এবং আরও একটি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।
শারমিন আফরোজ বলেন, এআই ক্যামেরা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে রাজধানীতে মোট ১১০টি এআই ক্যামেরা সচল রয়েছে এবং আরও ১০টি স্থাপনের কাজ চলছে। পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলেও তিনি জানান।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইঁদুরের তার কেটে দেওয়ার কারণে ঢাকার দুই সিগন্যালের এআই ক্যামেরা দুই দিন বন্ধ ছিল। পরে মেরামত শেষে সেগুলো আবার সচল করা হয়েছে।
ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এআইভিত্তিক নজরদারি ব্যবস্থার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর