গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্থানীয় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী (৩২)।
রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়া চৌরাস্তার মোড়ে সংঘটিত এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুলতাইড় গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তাদের মধ্যে শিবিরকর্মী সালাউদ্দিন (২০) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে স্থানীয় কয়েকটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বোনারপাড়া চারমাথা এলাকায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় স্থানীয় যুবক আশরাফ, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল, পলাশ ও রবিউলসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে সাইফুল্লাহর ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সাইফুল্লাহকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পবিত্র কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। অভিযোগের বিষয়ে তদন্ত করে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাকে দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করা হয়েছে।”
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ফেরদাউস সরকার রুম্মন বলেন, “সাইফুল্লাহ বারী আমাদের সংগঠনের একজন দায়িত্বশীল নেতা ছিলেন। তার হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
নিহতের স্বজন ও সহকর্মীদের আহাজারিতে হাসপাতাল ও তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পবিত্র কুমার বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর