ব্যক্তিগত ও শারীরিক নানা প্রতিকূলতা কাটিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বিচ্ছেদ, দীর্ঘ অসুস্থতা এবং মানসিক লড়াইয়ের পর এবার মাতৃত্বের সুখবর ভাগ করে নিয়েছেন তিনি।
অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল সামান্থাকে। সেই সময়েই তিনি মায়োসাইটিস নামের বিরল পেশির প্রদাহজনিত রোগে আক্রান্ত হন। দীর্ঘদিন চিকিৎসার কারণে অভিনয় থেকেও দূরে থাকতে হয়েছিল তাকে।
এরপর ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া আয়োজনে নতুন জীবন শুরু করেন সামান্থা। সম্প্রতি নিজের নতুন সিনেমা মা ইনতি বঙ্গারাম-এর প্রচারণা ও সাফল্য উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, খুব শিগগিরই মা হতে চলেছেন। অনুষ্ঠানে প্রকাশিত কিছু ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন তৈরি হয়েছিল, সেটিও এ সময় সত্য বলে নিশ্চিত করেন অভিনেত্রী।
সামান্থা বলেন, মাতৃত্বের আনন্দের পাশাপাশি তার মনে এখনও কিছুটা ভয় কাজ করে। মায়োসাইটিসের অভিজ্ঞতা তাকে প্রতিদিনই শারীরিকভাবে সতর্ক থাকতে শেখায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি প্রার্থনা করেন, যেন কোনো ব্যথা ছাড়াই দিনটি কাটাতে পারেন এবং নিজের কাজ করার শক্তি বজায় থাকে।
তিনি আরও জানান, অসুস্থতার কারণে নতুন কোনো কাজ শুরু করার আগে সবসময় দ্বিধায় ভুগতেন। মা ইনতি বঙ্গারাম সিনেমার প্রস্তাব পাওয়ার সময়ও তিনি নিশ্চিত ছিলেন না, তার শরীর সেই চাপ নিতে পারবে কি না। তবে সীমাবদ্ধতাকে জয় করেই তিনি কাজটি সম্পন্ন করেছেন।
মা হওয়ার ইচ্ছার কথা সামান্থা আগেও একাধিকবার প্রকাশ করেছিলেন। তার বিশ্বাস, সন্তান জন্মের পর তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার হবে সেই সন্তান। নিজের শৈশবের কিছু অপূর্ণতার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, তিনি চান তার সন্তান যেন ভালোবাসা, নিরাপত্তা ও সুন্দর পরিবেশে বড় হয়ে ওঠে যা তিনি সবসময় কামনা করেছেন।
এছাড়া সন্তান জন্মের পর প্রথম কয়েক বছর অভিনয়ের ব্যস্ততা কমিয়ে পুরো সময় সন্তানকে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন সামান্থা।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর