চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। বাংলাদেশ সময় আজ ভোরে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় দক্ষিণ আমেরিকার দলটি।
ম্যাচের শুরু থেকেই লড়াকু ফুটবল খেলেছে প্যারাগুয়ে। দীর্ঘদিনের নকআউট গোলখরা কাটিয়ে প্রথমার্ধে দলকে এগিয়ে দেন হুলিও এনসিসো। বিরতির পর জার্মানির হয়ে সমতা ফেরান আর্সেনাল তারকা কাই হাভার্টজ।
টাইব্রেকারে জার্মানির জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠেন প্যারাগুয়ের গোলরক্ষক ওরলান্দো হিল। শুটআউটের শুরুতেই হাভার্টজের শট রুখে দেন তিনি। পরে জার্মানির চতুর্থ শট নিতে আসা নিক ভল্টেমাডার প্রচেষ্টাও প্রতিহত করেন হিল।
অন্যদিকে প্যারাগুয়ে প্রথম তিনটি শট সফলভাবে জালে পাঠালেও চতুর্থ শটে আন্তোনিও সানাব্রিয়া সুযোগ নষ্ট করেন। এরপর ফাবিয়ান বালবুয়েনার শট ঠেকিয়ে জার্মানিকে ম্যাচে টিকিয়ে রাখেন অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়্যার।
পঞ্চম শটে নাদিম আমিরি গোল করে জার্মানির আশা বাঁচিয়ে রাখলেও সাডেন ডেথে গিয়ে ভাগ্য আর সঙ্গ দেয়নি ইউলিয়ান নাগলসমানের দলের। ইয়োনাথান টাহ নিজের শট বাইরে মারলে জয়ের সুবর্ণ সুযোগ পায় প্যারাগুয়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে হোসে কানালে বল জালে জড়িয়ে উল্লাসে ভাসান সতীর্থদের।
এই জয়ের মাধ্যমে জার্মানির বিপক্ষে তিন দেখায় প্রথম জয় পেল প্যারাগুয়ে। বিশ্বকাপে টাইব্রেকারে পাঁচবার অংশ নিয়ে এবারই প্রথম পরাজয়ের স্বাদ পেল জার্মানি। অন্যদিকে বিশ্বকাপে দ্বিতীয়বার টাইব্রেকারে গিয়ে দ্বিতীয়বারই জয় পেল প্যারাগুয়ে।
২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে নেমে বড় চমক দেখাল গুস্তাভো আলফারোর দল। গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানি ২০১৪ সালের শিরোপা জয়ের পর এবারই প্রথম নকআউটে উঠেছিল। তবে শেষ ষোলোর প্রথম বাধাতেই থেমে গেল তাদের যাত্রা।
চমক জাগানো এই জয়ের পর কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা সুইডেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর