বিশ্বকাপের দুই ‘ডার্ক হর্স’ নেদারল্যান্ডস ও মরক্কোর লড়াই প্রত্যাশার সব মাত্রা ছাড়িয়ে গেছে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও বিজয়ী নির্ধারিত না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের পরীক্ষায় ৩-২ গোলে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।
প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। আক্রমণে কিছুটা এগিয়ে ছিল মরক্কো। বাঁ দিক থেকে আসা একটি ক্রসে পোস্টের সামনে একেবারে ফাঁকা অবস্থায় থাকা ইসমাইল সাইবারি বল স্পর্শ করতে না পারায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় তাদের। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ম্যাচে গতি বাড়ায় নেদারল্যান্ডস। ৭১তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় ডাচরা। পাল্টা আক্রমণে সামারভিলের বাড়ানো বল পেয়ে ফাউলের মাঝেও দারুণ দক্ষতায় জাল খুঁজে নেন গাকপো।
গোল হজমের পর মরক্কো মরিয়া হয়ে ওঠে সমতায় ফেরার জন্য। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে তাদের প্রচেষ্টা সফল হয়। বদলি খেলোয়াড় তালবির দারুণ এক ক্রসে হেড করে বল জালে জড়ান ঈসা দিওপ। ৯১তম মিনিটের সেই গোলে ম্যাচে ফেরে মরক্কো, স্কোরলাইন হয় ১-১।
অতিরিক্ত সময়েও দুই দলই জয়ের জন্য লড়াই চালিয়ে যায়। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি সুফিয়ান রাহিমি। নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভেরব্রুগেন দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। ফলে ১-১ সমতায় শেষ হয় ১২০ মিনিটের লড়াই।
এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণে শুরু হয় পেনাল্টি শ্যুটআউট। প্রথম শটে নেদারল্যান্ডসের কুপমাইনার্স সফল হলেও মরক্কোর নেইল এল আইনানুই শট বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। তবে ডাচদের জাস্টিন ক্লুইভার্টও পরের শটে ব্যর্থ হন।
সুফিয়ান রাহিমি ও তালবির সফল শটে ম্যাচে টিকে থাকে মরক্কো। অন্যদিকে ভের্গহর্স্ট গোল করলেও কুইন্টেন টিম্বার লক্ষ্যের বাইরে শট নিয়ে নেদারল্যান্ডসকে বিপদে ফেলেন। আশরাফ হাকিমিও সুযোগ কাজে লাগাতে না পারায় উত্তেজনা আরও বাড়ে।
শেষ পর্যন্ত সামারভিলের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। এতে ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ পায় আফ্রিকার দলটি। শেষ শটে কোনো ভুল করেননি ইসমাইল সাইবারি। তার নিখুঁত স্পট কিক জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে মরক্কো শিবির।
৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয় মরক্কো। আর সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আসা নেদারল্যান্ডসকে বিদায় নিতে হয় হৃদয়ভাঙা পরাজয় নিয়ে।
সাজু/নিএ
সর্বশেষ খবর