ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে রুদ্ধশ্বাস লড়াই শেষে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নাটকীয় এই জয়ের পর আনন্দে মাঠেই সিজদায় লুটিয়ে পড়েন মরক্কোর ফুটবলাররা, যা ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি হয়ে ওঠে।
মেক্সিকোর মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা ছিল। ৭২তম মিনিটে কডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ম্যাচ তখন ডাচদের হাতেই চলে গেছে বলে মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে ইসা দিয়পের দুর্দান্ত হেডে সমতায় ফেরে মরক্কো।
এরপর অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের লড়াইয়ে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডাচদের একাধিক শট ব্যর্থ হওয়ার সুযোগ কাজে লাগিয়ে মরক্কো ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে নেয়। শেষ পর্যন্ত ইসমাইল সাইবারির সফল শটেই নিশ্চিত হয় মরক্কোর ঐতিহাসিক জয়।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন মরক্কোর খেলোয়াড়রা। কেউ সতীর্থদের জড়িয়ে ধরেন, কেউ দৌড়ে যান সমর্থকদের দিকে। আর অনেকেই কৃতজ্ঞতায় মাঠের ঘাসে সিজদায় লুটিয়ে পড়েন। সেই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই জয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেলেও মরক্কো এগিয়ে গেল শেষ ষোলোর লড়াইয়ে। পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে কানাডার।
সাজু/নিএ
সর্বশেষ খবর