বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে প্যারাগুয়েকে খুব একটা সুযোগ দেওয়া হয়নি। তবে সব পূর্বাভাস ভুল প্রমাণ করে পেনাল্টি শুটআউটে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।
এই ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা গোলরক্ষক অরল্যান্ডো হিলের। তার দুর্দান্ত নৈপুণ্যেই জার্মানিকে বিদায় করে দিয়েছে প্যারাগুয়ে। দলের এই অবিশ্বাস্য সাফল্যের পর মঙ্গলবার দেশটিতে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।
গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কাছে ৪ গোল হজম করা প্যারাগুয়ে নকআউটে এসে শক্তিশালী জার্মানির বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়ে। পুরো ম্যাচে জার্মানিই আধিপত্য দেখায়। বলের দখল ছিল তাদেরই বেশি, আর গোলে শট নেয় ২১টি। বিপরীতে প্যারাগুয়ের শট ছিল মাত্র ৭টি।
নির্ধারিত সময়ের ৫৪তম মিনিটে কাই হাভার্টজের সমতাসূচক গোল ঠেকাতে পারেননি হিল। তবে অতিরিক্ত সময়ের ১২তম মিনিটে জার্মানির সম্ভাব্য জয়সূচক গোলটি ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে জোনাথান টাহ গোলরক্ষক হিলকে বাধা দিয়েছিলেন, যার ফলে গোলটি আর গণনা করা হয়নি।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই নায়ক বনে যান অরল্যান্ডো হিল। প্রথম শটেই কাই হাভার্টজের প্রচেষ্টা ডান হাতে রুখে দিয়ে দলকে এগিয়ে দেন তিনি। প্যারাগুয়ে প্রথম তিনটি শট সফলভাবে জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ৩-২। এরপর নিক ভল্টেমাডের শটও ঠেকিয়ে দেন হিল।
জয়ের জন্য শেষ দুই কিকের একটিতে গোল করলেই যথেষ্ট ছিল প্যারাগুয়ের। তবে আন্তোনিনো সানাব্রিয়ার শট পোস্টের বাইরে চলে যায়। এরপর ফাবিয়ান বালবুয়েনার শট ঠেকিয়ে জার্মানিকে লড়াইয়ে ফেরান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ফলে শুটআউট গড়ায় সাডেন ডেথে।
সাডেন ডেথে জোনাথান টাহর শট বারের ওপর দিয়ে চলে গেলে সুযোগ পেয়ে যান হোসে কানালে। তিনি আর ভুল করেননি। নয়্যারকে পরাস্ত করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন এই মিডফিল্ডার।
আগামী শনিবার ফিলাডেলফিয়ায় কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা সুইডেন।
সোমবার রাতেই প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া মঙ্গলবারকে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন এই ঐতিহাসিক জয়ের স্বীকৃতিস্বরূপ। তার ডিক্রিতে লেখা হয়, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক বিজয়ের স্বীকৃতিতে ৩০ জুনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হলো।’
কুশল/সাএ
সর্বশেষ খবর