স্পেনের জন্য স্বস্তির খবরই বটে! হ্যামস্ট্রিং চোট কাটিয়ে পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। দলের অন্যতম সেরা তারকাকে ঘিরে সুখবরটি দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
বিশ্বকাপ শুরুর আগে ইয়ামালের চোট নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত দলে জায়গা পেলেও কোনো ম্যাচে পুরো সময় মাঠে থাকতে পারেননি। তবে বৃহস্পতিবার শেষ ৩২-এর ম্যাচের অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারবেন পুরো সময়।
ফুয়েন্তে বলেছেন, ‘আমরা তাকে নিয়ে খুব সতর্ক ছিলাম। পুনর্বাসনের প্রতিটি ধাপ আমরা পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করেছি। এখন লামিন দারুণ অবস্থায় আছে। সবচেয়ে ভালো বিষয় হলো, সে মাঠে নামার জন্য মুখিয়ে আছে।’
গত এপ্রিলের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পান লামিন। এরপর থেকেই তার খেলার সময় সীমিত রাখা হয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে মোট ১৪১ মিনিট খেলেছেন। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার পর সৌদি আরবের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পেয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন। এরপর উরুগুয়ের বিপক্ষে খেলেন ৭৬ মিনিট।
২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে আর কোনো ম্যাচ জিততে পারেনি স্পেন। তবে এবার গ্রুপ পর্বে টানা তিনটি ক্লিন শিট রেখে শেষ ষোলো নিশ্চিত করেছে লা রোজারা। অস্ট্রিয়ার বিপক্ষে ইয়ামালের পূর্ণ ফিট হয়ে ওঠা তাই স্পেনের জন্য বড় শক্তি হিসেবেই দেখা হচ্ছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর