ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সমর্থকদের উচ্ছ্বাস যাতে সহিংসতায় রূপ না নেয়, সে লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি)ও এসব স্থানে নিরাপত্তা জোরদার করবে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মো. শফিকুল ইসলাম বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে খেলা দেখানো হয়। এসব স্থান পুলিশ নজরদারিতে রেখেছে। ডিএমপির সব থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোথায় কোথায় বড় স্ক্রিনে খেলা দেখানো হয় তা চিহ্নিত করে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে। প্রয়োজন অনুযায়ী সেখানে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি ডিবিও সার্বক্ষণিক নজরদারি চালাবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাকে ঘিরে আনন্দ যেন আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং কোনোভাবেই তা বিষাদে পরিণত না হয়। খেলায় হার-জিত থাকবেই, তাই সবাইকে একে অপরের মতামত ও সমর্থনকে সম্মান করার পাশাপাশি সহনশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
ডিবি সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ফুটবল বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিল। এ সময় হাবিব নামে এক ব্যক্তি নিরব নামে এক যুবককে মারধর করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বুধবার রাতে ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ডিবির তেজগাঁও বিভাগ।
অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে রিপন সরাসরি ছুরিকাঘাত করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, হামলায় আহত ইউনিট বিএনপির সভাপতি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।
বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা ও সমর্থকদের আবেগ যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
সাজু/নিএ
সর্বশেষ খবর