প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই মাসে সংঘটিত হতাহতের ঘটনার ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে। তবে বিচার প্রক্রিয়ায় যেন কারও প্রতি অন্যায় না হয়, সে বিষয়ে সতর্ক থাকার কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, কিছুটা বিলম্ব হলেও প্রকৃত অপরাধীদের সঠিক বিচার নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শনিবার (৪ জুলাই) আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এই আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান স্মরণে রাখা সরকারের অঙ্গীকার। তিনি বলেন, আন্দোলনে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন, পুনর্বাসন এবং সহায়তা প্রদান সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, ‘শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করা এবং আহতদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ছিল দেশের মানুষের জীবনমান উন্নয়ন। ৫ আগস্টের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়, বরং এটি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন।
জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশকে বিভক্ত করে এগিয়ে নেওয়া সম্ভব নয়। যারা ত্যাগ স্বীকার করেছেন, তারা দেশের ভবিষ্যতের জন্যই তা করেছেন। তিনি উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, তাদের প্রিয়জনদের আত্মত্যাগ যেন দেশের উন্নয়নের মাধ্যমে অর্থবহ হয়ে ওঠে।
তিনি আরও ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরে প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর প্রসঙ্গ উল্লেখ করেন এবং বলেন, ব্যক্তিগত প্রতিশোধ নয়, বরং দেশকে এগিয়ে নেওয়াই হওয়া উচিত মূল লক্ষ্য।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা তাদের অভিজ্ঞতা ও কষ্টের কথা তুলে ধরেন। বক্তব্য শুনে প্রধানমন্ত্রীর চোখে পানি চলে আসে বলেও উল্লেখ করা হয়।
সকাল সাড়ে ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শহীদদের স্মরণে দোয়া, জাতীয় সংগীত এবং ‘জুলাই আন্দোলন’-এর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়। পরে আয়োজকদের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর হাতে স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর