সরকার প্রধানের জাপান সফরের আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে রাষ্ট্রদূত দাউদ আলী অংশ নিচ্ছেন না। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলন সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোর যৌথ উদ্যোগে প্রণীত জাতীয় অবস্থানপত্র প্রকাশ ও জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন শামা ওবায়েদ।
এদিকে, আসন্ন কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রম এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার পরিকল্পনার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সম্ভাবনাও তুলে ধরতে চায় বাংলাদেশ।
শামা ওবায়েদ বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি অভিযোজন ও প্রশমন কার্যক্রমে সমান গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এ সহায়তা ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়া প্রয়োজন, যাতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা আরও না বাড়ে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠন জরুরি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে সব পক্ষকে ঐক্যবদ্ধ কণ্ঠে কথা বলতে হবে। এতে বৈশ্বিক আলোচনা ও দর-কষাকষির টেবিলে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা সহজ হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ লক্ষ্য সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ প্রক্রিয়ায় যুক্ত করার সুযোগ রয়েছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর