ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মোটর সাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে শ্যামবাড়ি গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক লাদেনের সঙ্গে ও হাতুড়াবাড়ি গ্রামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। বিষয়টি দুই গ্রামের বিরোধে রূপ নেয় এবং উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি এবং বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে তিনলাখপীর-চারগাছ সড়কের পাশে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হলে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজনও সংঘর্ষে অংশ নেয়। এতে তিনটি গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, "ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
উল্লেখ্য, কয়েক দিন আগে শ্যামবাড়ি গ্রামের একটি সড়কে পড়ে থাকা গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকচালকদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। পরে বিষয়টি দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধে রূপ নেয়। এ নিয়ে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। সেই বিরোধ আজকের সংঘর্ষকে উসকে দিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর