• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
জিসান নজরুল
ইবি প্রতিনিধি
প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৭:৫৯ বিকাল

"কেন্দ্রীয় ছাত্রশক্তি ছাত্রলীগকে সরাসরি আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে", অভিযোগ ইবি বৈষম্যবিরোধীদের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসান ও সদস্য সচিব ইফতেহার উদ্দিনের বিরুদ্ধে ছাত্রলীগ ও ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।

৫ আগস্টের আগে ফুয়াদ হাসান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে, সদস্য সচিব ইফতেহার উদ্দিন ৫ আগস্টের আগে ছাত্রলীগ এবং পরবর্তীতে ছাত্রদলের সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সংবাদ সম্মেলনে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রশক্তি বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে এনে ছাত্রলীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তারা এ কমিটি প্রত্যাহার করে নিয়ে নতুন গঠন করার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম সদস্য-সচিব মুবাশ্বির আমিন, যুগ্ন-আহ্বায়ক মিশনু আল আসনাউন, সদস্য নীরব আলি।

জানা গেছে, গত রোববার (৫ জুলাই) কেন্দ্রীয় ছাত্রশক্তি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসানকে আহ্বায়ক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেহার উদ্দিনকে সদস্য সচিব করা হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, ফুয়াদ হাসান ও ইফতেহার উদ্দিন ৫ আগস্টের আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। সে সময় ছাত্রলীগের বিভিন্ন মিছিল, সভা-সমাবেশ ও দলীয় কর্মসূচিতে তাদের অংশগ্রহণ করতে দেখা যেত। ৫ আগস্টের পর ইফতেহার উদ্দিন কর্মী সংকটের সুযোগ নিয়ে ছাত্রলীগ ছেড়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। এরপর থেকে তাকে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ফুয়াদ হাসান ও ইফতেহার উদ্দিনের ছাত্রলীগ ও ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এর আগেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া ইফতেহার উদ্দিনের বিরুদ্ধে শাহ আজিজুর রহমান হলে অবস্থানরত বিদেশী শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগও রয়েছে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অভিযোগ করেন, “ফ্যাসিবাদী আমলে ফুয়াদ হাসানের ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার যথেষ্ট প্রমাণ, ছবি ও সুনির্দিষ্ট তথ্য আমাদের হাতে রয়েছে। শাহ আজিজুর রহমান হলে ছাত্রলীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করেছিলেন। তবে সেদিন জুলাইপন্থী সাধারণ শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধের মুখে হল ছাড়তে বাধ্য হন। এখন এই পকেট কমিটির ব্যানারে আবারও ছাত্রলীগকে পুনর্বাসনের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।”

তারা আরও অভিযোগ করেন, “ইফতেহার উদ্দিন একজন রাজনৈতিক বহুরূপী। তিনি আগে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। অভ্যুত্থানের পর ছাত্রদলে যোগ দেন। এছাড়া সাজিদ আবদুল্লাহর হত্যার বিচার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় তিনি ছাত্রলীগের চিহ্নিত কর্মীদের নিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার গুরুতর চক্রান্ত করেছিলেন।”

এ সময় তারা প্রশ্ন তোলেন, “এই কমিটি কি ছাত্রদলের বি-টিম, নাকি ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র?” তাদের দাবি, কেন্দ্রীয় ছাত্রশক্তি ছাত্রলীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। একই সঙ্গে তারা নবগঠিত আহ্বায়ক কমিটিকে “হাইব্রিড কমিটি” আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের ঘোষণা দেন। নতুন করে পরিচ্ছন্ন কমিটি গঠন করার দাবি জানান।

অভিযোগের বিষয়ে ছাত্রশক্তির ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, “হলে থাকার কারণে আমাকে বাধ্যতামূলকভাবে কিছু মিছিল-মিটিংয়ে যেতে হয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে আমি সম্মুখ সারিতে ছিলাম। এ কারণে তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে হল থেকেও বের করে দেয়। তবে আমি কখনোই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না।”

সদস্য সচিব ইফতেহার উদ্দিন বলেন, “আমি শাখা ছাত্রদলের কোনো পদ পাওয়ার জন্য সিভি দিইনি। এটি কেউ প্রমাণও করতে পারবে না।” ছাত্রলীগের কর্মী হিসেবে থাকার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমি প্রায় ১০ মাস গণরুমে ছিলাম। সে কারণে বাধ্য হয়ে কিছু মিছিলে যেতে হয়েছে। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনে আমি সক্রিয়ভাবে সম্মুখ সারিতে ছিলাম।”

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, “আমাদের সংগঠনের নীতিমালা অনুযায়ী অতীতে কেউ যে সংগঠনই করে থাকুক না কেন, যদি সে অভ্যুত্থানের পক্ষে থাকে এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী বা আইনবিরোধী কার্যক্রমের কোনো প্রমাণ বা অভিযোগ না থাকে, তাহলে তাকে সংগঠনে অন্তর্ভুক্ত করতে আমাদের কোনো সমস্যা নেই। তবে কেউ যদি বর্তমানে অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী হয় বা তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]