আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বরসংবলিত ম্যানুয়াল নম্বর প্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নিজস্ব ব্যবস্থাপনায় নম্বর প্লেট তৈরি ও সংযোজন করতে হবে মালিকদের। এ ক্ষেত্রে নির্ধারিত মাপ, রং ও উপকরণ ব্যবহারের নিয়মও অনুসরণ করতে হবে।
বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট মোটরসাইকেলের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এর পাশাপাশি এখন মোটরসাইকেলের সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে সামনের নম্বর প্লেট তৈরি ও সংযোজন করতে হবে।
স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের নম্বর প্লেটের মাপ
বিআরটিএর নির্দেশনায় স্কুটার এবং অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বর প্লেটের জন্য আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে।
-স্কুটার: দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার।
-অন্যান্য মোটরসাইকেল: দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার।
উভয় ধরনের নম্বর প্লেটে অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। তাই নম্বর প্লেট তৈরির সময় নির্ধারিত মাপ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
নম্বর প্লেট তৈরিতে যেসব নিয়ম মানতে হবে
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বর প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং রেজিস্ট্রেশন নম্বরের অক্ষর ও সংখ্যা হবে কালো রঙের।
নম্বর প্লেটে বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি প্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। তবে এ ক্ষেত্রেও নির্ধারিত মাপ, রং ও উপকরণ ব্যবহারের নিয়ম মেনে নম্বর প্লেট তৈরি করতে হবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট সংযোজন সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
কুশল/সাএ
সর্বশেষ খবর