• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ১১:১৮ দুপুর

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেল ‘ইএসএল’

ছবি: সংগৃহীত

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সমাধান ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল) সিসকোর মর্যাদাপূর্ণ ‘সিসকো পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৫-বাংলাদেশ’ সম্মাননা অর্জন করেছে।

সম্প্রতি আয়োজিত ‘সিসকো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া পার্টনার কনফ্লুয়েন্স ২০২৬’-এ এ সম্মাননা দেওয়া হয়। এ অর্জন উদযাপন উপলক্ষে সোমবার (৬ জুলাই) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক স্বীকৃতি ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে উদ্ভাবনী প্রযুক্তিগত সমাধান প্রদান এবং নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ইএসএল এ সম্মাননা অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ২০১২ সালে সিসকোর সঙ্গে যাত্রা শুরুর পর গত দেড় দশকে ইএসএল বাংলাদেশে সিসকোর অন্যতম বিশ্বস্ত অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য উন্নত নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা, কোলাবোরেশন, ডেটা সেন্টার এবং ক্লাউডভিত্তিক সমাধান বাস্তবায়ন করে আসছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ইএসএলে ২৫০ জনের বেশি সিসকো-সনদপ্রাপ্ত প্রকৌশলী ও প্রযুক্তি বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এক হাজারের বেশি কৌশলগত ও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছে এবং ৫০০-এর বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। এর গ্রাহকদের মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক খাত, টেলিযোগাযোগ, উৎপাদনশিল্প, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে ইএসএলের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ বলেন, দেশে দক্ষ প্রযুক্তি জনবলের তীব্র সংকট রয়েছে। ইএসএল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অনেক দক্ষ কর্মী বর্তমানে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। বিশেষ করে প্রি-সেলস ও পোস্ট-সেলস পর্যায়ে দক্ষ জনবলের ঘাটতি দিন দিন বাড়ছে। তাই স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সিসকোর আরও বিনিয়োগ ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ইএসএল করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ‘সিএসএল ক্লাসরুম’ নামে একটি প্রশিক্ষণ ল্যাব চালু করেছে। সেখানে প্রতি ব্যাচে ২৪ জন করে শিক্ষার্থীকে আধুনিক নেটওয়ার্কিং ও প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আব্দুল ফাত্তাহ আরও বলেন, প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে ব্যক্তি বা প্রতিষ্ঠান-কেউই এগিয়ে যেতে পারবে না। বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ধারাবাহিকভাবে দক্ষ মানবসম্পদ তৈরি করা জরুরি। এ জন্য স্থানীয় পর্যায়ে মানবসম্পদ উন্নয়নে সিসকোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সিসকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতিকুর রহমান বলেন, ‘গো বিগ, গো বোল্ড’ স্লোগানকে সামনে রেখে সিসকো বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই ইএসএল সিসকো প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছিল। অংশীদারদের দক্ষতা ও আস্থার কারণেই বাংলাদেশে সিসকোর প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ইএসএল সিসকোর নেটওয়ার্কিং, সিকিউরিটি এবং কোলাবোরেশন পোর্টফোলিওতে ‘প্রেফার্ড পার্টনার’ স্বীকৃতি অর্জন করেছে। এটি প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দক্ষতা, সেবার মান এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি সমাধান দেওয়ার সক্ষমতার স্বীকৃতি।

অনুষ্ঠানে বক্তারা সিসকো, গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সম্মাননা উদ্ভাবন, উৎকর্ষ এবং গ্রাহকসেবার প্রতি ইএসএলের দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতি। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় সিসকোর মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নিরাপদ, আধুনিক ও সম্প্রসারণযোগ্য প্রযুক্তি সমাধান প্রদান অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলম বীর হোসেন, সিসকো ইন্ডিয়া ও সার্ক অঞ্চলের পার্টনার সেলস-চ্যানেল সেলস লিডার আনোয়ার হালিম এবং চ্যানেল পার্টনার টেকনিক্যালের রিজিওনাল ম্যানেজার মুরালি মোহন এবং চ্যানেল ডিস্ট্রিবিউশনের রিজিওনাল ম্যানেজার নাভনীত রাধাকৃষ্ণান প্রমূখ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]