সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ওয়েবসাইট বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘The Service is under Maintenance’ লেখা একটি বার্তা দেখা যায়। এতে জানানো হয়, রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে ওয়েবসাইটের সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে যত দ্রুত সম্ভব সেবাটি আবার চালু করা হবে।
সম্প্রতি বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকে সংশ্লিষ্ট সিস্টেমে অননুমোদিত প্রবেশ করতে এবং ক্ষতিকর কোড চালাতে পারে বলে আশঙ্কা করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ত্রুটিগুলো শনাক্ত করা হয়েছে। সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে এসব ত্রুটি দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার সঙ্গে পিএইচপির ওই নিরাপত্তা ত্রুটিগুলোর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে কোনো সাইবার হামলা হয়েছে কি না, সে বিষয়েও কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর