দেশের প্রতিটি উপজেলায় ৭ হাজার পরিবারের নারী সদস্যদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে সারা দেশে ৪ কোটি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য চলতি বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
তারেক রহমান বলেন, জনগণ যতদিন বিএনপির পাশে থাকবে, ততদিন দেশের স্বার্থে কোনো বাধা উপেক্ষা করে কাজ করে যাবে দলটি।
শিক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের জন্য শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ারও ঘোষণা দেন তিনি।
এর আগে বরিশাল সফরের অংশ হিসেবে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাজু/নিএ
সর্বশেষ খবর