বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিতব্য এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসে উজ্জীবিত থ্রি-লায়ন্সরা। দীর্ঘ ৬০ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ইংলিশরা।
ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দলের শেষ অনুশীলনের কয়েকটি ছবি শেয়ার করেন অধিনায়ক হ্যারি কেইন। স্কোয়াডের প্রস্তুতি ও দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়ে মাত্র ছয় শব্দের বার্তায় তিনি লেখেন, ‘সবকিছু উজাড় করে দিতে আমরা প্রস্তুত।’
ইংল্যান্ড শিবিরের সবচেয়ে বড় স্বস্তির খবর, মিডফিল্ডার ডেক্লান রাইস পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন। স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে শুরুর একাদশেই থাকার সম্ভাবনা রয়েছে আর্সেনালের এই তারকার।
শেষ ষোলোর ম্যাচ শেষে পাকস্থলীর সমস্যায় ভুগছিলেন রাইস। অসুস্থতার কারণে কোয়ার্টার ফাইনালের আগে টানা তিন দিন বিছানা থেকে উঠতেও পারেননি বলে জানিয়েছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। সেই কারণে নরওয়ের বিপক্ষে মিয়ামির তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে মাত্র ৪৫ মিনিট খেলানো হয়।
যদিও অতিরিক্ত সময়ে গড়ানো ওই ম্যাচে রাইস খেলতে চেয়েছিলেন, তবুও কৌশলগত কারণে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন টুখেল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা জানতাম ডেক্লান লড়াই করছিল। সে খেলতে চেয়েছিল। কিন্তু ম্যাচ যদি ১২০ মিনিটে গড়ায় এবং এলিয়ট অ্যান্ডারসনকে প্রয়োজন হয়, তাহলে আমাদের বিকল্প পরিকল্পনা থাকতে হতো। তাই রাইসকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিই। শেষ পর্যন্ত সেটিই সঠিক সিদ্ধান্ত প্রমাণিত হয়েছে, কারণ এলিয়ট পুরো ১২০ মিনিট খেলতে পেরেছিল।’
সোমবার কানসাস সিটিতে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন ডেক্লান রাইস। পুরো সেশন নির্বিঘ্নে শেষ করায় সেমিফাইনাল ম্যাচে তার খেলা নিয়ে আর কোনো শঙ্কা নেই।
এদিকে, আটলান্টার এই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী স্পেনের। প্রথম সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ইতোমধ্যেই শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা নিশ্চিত করেছে স্প্যানিশরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর