বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছেন না কোচ থমাস টুখেল।
ইংল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন এবং তরুণ ডিফেন্ডার জারেল কুয়ানসাহ—দুজনই সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন।
শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে জয় পাওয়া ম্যাচের পর উদযাপনের সময় হাতে চোট পান হেন্ডারসন। পরে মেডিকেল পরীক্ষায় তার হাত ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। দ্রুত অস্ত্রোপচার করা হলেও এখনও পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় আর্জেন্টিনার বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে না।
অন্যদিকে, একই ম্যাচে প্রতিপক্ষের ওপর কঠোর ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন জারেল কুয়ানসাহ। সেই লাল কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। ফলে সেমিফাইনালে দর্শক হিসেবেই থাকতে হবে এই ডিফেন্ডারকে।
তবে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারালেও স্বস্তির খবর রয়েছে ইংল্যান্ড শিবিরে। কোচ থমাস টুখেল জানিয়েছেন, দলের বাকি সব ফুটবলার সুস্থ ও ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তাই একাদশ নির্বাচন নিয়ে খুব বেশি সমস্যায় পড়তে হচ্ছে না তাকে।
পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের মিডফিল্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ডেকলান রাইস। এখন দেখার বিষয়, দুই তারকাকে ছাড়াই ফাইনালে ওঠার লড়াইয়ে কতটা সফল হতে পারে থ্রি লায়ন্সরা।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর