কিছু শিক্ষার্থীর আন্দোলনকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, এ আন্দোলনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অল্পসংখ্যক শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার গুরুত্ব দিচ্ছে না। আন্দোলনের মাধ্যমে পরীক্ষা বাতিল বা অটোপাস দেওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দণ্ড কার্যকর করা হবে। তবে আইনে আপিলের সুযোগ থাকলে তিনি উচ্চ আদালতে যেতে পারবেন।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদ এবং ভারতে গ্রেপ্তার ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
জুলাইয়ের শহীদের সংখ্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে যাদের বিষয়টি প্রমাণিত হবে, তাদের সংখ্যা তালিকায় যুক্ত হতে পারে। আর কেউ ভুয়া প্রমাণিত হলে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।
রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, প্রশাসনিক আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়। তবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর