রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত করিমন গাড়ি দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন কৃষক গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের শিয়ালমারী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক ইব্রাহিম হোসেন মনা (৬০) পাংশা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মৃত নির্জান মণ্ডলের ছেলে। গুরুতর আহত মো. জিল্লু শেখ (৫০) একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ইব্রাহিম হোসেন মনা ও জিল্লু শেখ নিজ এলাকায় উৎপাদিত পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে ইঞ্জিনচালিত করিমন গাড়িতে করে সোনাপুর বাজারের দিকে রওনা দেন। সকাল ৮টার দিকে মাজবাড়ী ইউনিয়নের শিয়ালমারী মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ করিমন গাড়িটির ডান পাশের চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং দুজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ইব্রাহিম হোসেন মনা মারা যান। অপর আহত জিল্লু শেখের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর