স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা যদি ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে, তাহলে আগামীকাল সোমবার আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণার বিষয়টি বিবেচনা করছে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সরকার।
ফাইনালের কয়েক ঘণ্টা আগে থেকেই ছুটি ঘোষণার সম্ভাবনা নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম Clarín জানিয়েছে, বিষয়টি পুরোপুরি নির্ভর করছে স্পেনের বিপক্ষে ম্যাচের ফলাফলের ওপর। তবে লিওনেল স্কালোনির দল চ্যাম্পিয়ন হলে ছুটি ঘোষণার সম্ভাবনাই বেশি।
সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পর দেশজুড়ে যে ব্যাপক উদযাপন হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটানো। সেবার তৎকালীন প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেস জরুরি ডিক্রির মাধ্যমে জাতীয় ছুটি ঘোষণা করেছিলেন। এর ফলে বিশ্বকাপ জয়ের আনন্দে লাখো আর্জেন্টাইন রাস্তায় নেমে ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক জয় উদযাপন করেন।
এবারও সম্ভাব্য শিরোপা জয়ের পর উদযাপন, দলের দেশে ফেরা এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সরকারের আলোচনা শুরু হয়েছে।
আর্জেন্টিনার সরকারি চিফ অব স্টাফ দিয়েগো সান্তি জানিয়েছেন, বড় ধরনের জনসমাগম ও উদযাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে।
তবে তিনি স্পষ্ট করেছেন, উদযাপনের ধরন নির্ধারণের সিদ্ধান্ত থাকবে খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে। তিনি বলেন, সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না; দল যেভাবে চাইবে, সরকার সেভাবেই সম্মান ও সহযোগিতা করবে।
আর্জেন্টিনা যদি আজ স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জেতে, তাহলে বুয়েনস আইরেসের রাস্তায় ২০২২ সালের মতোই লাখো মানুষের অংশগ্রহণে বিশাল উদযাপনের দৃশ্য দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর