ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী আজ অভিনয় দক্ষতা ও স্বাভাবিক ব্যক্তিত্বের কারণে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে তাঁর এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। ছোটবেলার তীব্র মঞ্চভীতি কাটিয়ে আজ তিনি বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ সীতার মতো ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
শৈশবে একটি নৃত্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ভয় ও অস্বস্তিতে মঞ্চে নিজের পারফরম্যান্স ঠিকভাবে শেষ করতে পারেননি সাই পল্লবী। সেই অভিজ্ঞতা তাঁকে দীর্ঘদিন মঞ্চে ওঠার ব্যাপারে অনাগ্রহী করে তোলে। কিন্তু নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করার দৃঢ় সংকল্পই বদলে দেয় তাঁর জীবন।
ধীরে ধীরে নাচের অনুশীলন, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি মঞ্চভীতি কাটিয়ে ওঠেন। পরবর্তীতে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি অভিনয় জগতেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। ২০১৫ সালে মালয়ালম চলচ্চিত্র ‘প্রেমাম’-এ ‘মালার’ চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর তামিল, তেলেগু ও মালয়ালম চলচ্চিত্রে একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হন।
বর্তমানে পরিচালক নিতেশ তিওয়ারির মেগা বাজেটের ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। ছবিতে ভগবান রামের ভূমিকায় রয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে, আর সীতার চরিত্রে সাই পল্লবীর উপস্থিতি ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি মনে করেন না যে নিজে সীতার চরিত্রটি বেছে নিয়েছেন। বরং এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে তিনি জীবনের অন্যতম বড় আশীর্বাদ হিসেবে দেখেন। চরিত্রটির প্রতি যথাযথ সম্মান ও আন্তরিকতা বজায় রাখতে তিনি শুটিংয়ের সময় নিজেকে মানসিকভাবে বিশেষভাবে প্রস্তুত করেছিলেন।
অন্যদিকে, ‘রামায়ণ’-এর সহ-প্রযোজক এবং রাবণের চরিত্রে অভিনয় করা অভিনেতা যশও সাই পল্লবীর প্রশংসা করেছেন। তাঁর ভাষায়, সাই পল্লবী একজন ‘নিখুঁত অভিনেত্রী’, যিনি চরিত্রের গভীরে পৌঁছে অভিনয় করতে সক্ষম।
সাই পল্লবীর জীবনের এই গল্প নতুন প্রজন্মের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। শৈশবের ভয়, সংকোচ কিংবা ব্যর্থতা কখনোই শেষ কথা নয়। আত্মবিশ্বাস, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম থাকলে যে কোনো বাধা অতিক্রম করে স্বপ্নের শিখরে পৌঁছানো সম্ভব—সাই পল্লবীর জীবনই তার উজ্জ্বল উদাহরণ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর