বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র লিওনেল মেসিকে কার্যত নিষ্ক্রিয় করে শিরোপা জিতেছে স্পেন। বলের দখলে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে এবং মেসিকে আক্রমণের বদলে মাঝমাঠ ও রক্ষণভাগে নেমে আসতে বাধ্য করে নিজেদের কৌশল সফলভাবে বাস্তবায়ন করে ইউরোপের দলটি।
নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে ৯০ মিনিটে মেসি মাত্র ৫৪ বার বল স্পর্শ করেন। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো ম্যাচে একবারও বল নিয়ে স্পেনের পেনাল্টি বক্সে প্রবেশ করতে পারেননি তিনি। আর্জেন্টিনার প্রধান আক্রমণভাগকে এভাবে আটকে রাখাই শেষ পর্যন্ত স্পেনের ১-০ গোলের জয়ের অন্যতম ভিত্তি হয়ে ওঠে।
স্পেনের এই পরিকল্পনার প্রশংসা করেছেন সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার মাইকা রিচার্ডস। বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, মেসিকে থামানোর সবচেয়ে কার্যকর উপায় হলো বল নিজেদের দখলে রাখা এবং তাকে উল্টো দিকে দৌড়াতে বাধ্য করা। তার মতে, স্পেন পুরো ম্যাচজুড়েই ঠিক এই কৌশলই অনুসরণ করেছে।
ফাইনালে মেসিকে বেশ কয়েকবার মাঝমাঠে নেমে এসে বল সংগ্রহ করতে দেখা যায়। তবে প্রতিপক্ষের রক্ষণে যেভাবে তিনি সাধারণত প্রভাব বিস্তার করেন, সেই সুযোগ পাননি। স্পেনের নিয়ন্ত্রিত পাসিং ফুটবলের কারণে আর্জেন্টিনাও দীর্ঘ সময় বলের দখল রাখতে পারেনি। ফলে কার্যকর আক্রমণ গড়ে তোলার সুযোগও ছিল খুবই সীমিত।
তবে একটি ম্যাচের পারফরম্যান্স দিয়ে মেসির পুরো বিশ্বকাপ মূল্যায়ন করতে রাজি নন রিচার্ডস। তার মতে, পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টাইন অধিনায়ক ছিলেন অন্যতম সেরা ফুটবলার, এমনকি অনেকের চোখে তিনিই ছিলেন সেরা। তিনি বলেন, বল ছাড়া মেসির কিছু সীমাবদ্ধতা থাকলেও সতীর্থদের অনুপ্রাণিত করার ক্ষমতা এখনও অসাধারণ। ফুটবল বিশ্ব এখনো একজন মহান খেলোয়াড়ের অসাধারণত্বের সাক্ষী হচ্ছে।
স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের পেছনে বলের দখলে আধিপত্য এবং মেসিকে কার্যকরভাবে নিষ্ক্রিয় করে রাখার কৌশলই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর