বিশ্বকাপের শিরোপা নির্ধারণ হয়েছে অতিরিক্ত সময়ে করা একমাত্র গোলে। স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। তবে পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দলকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচ শেষে ড্রেসিংরুমের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, বিরতির সময় সতীর্থদের পারফরম্যান্সে তিনি বেশ অসন্তুষ্ট ছিলেন।
ফাইনালে স্পেন মোট ২০টি শট নেয়, যার মধ্যে ১১টি দারুণ দক্ষতায় ঠেকান অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। কিন্তু অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের শট আর রুখতে পারেননি তিনি। সেই একমাত্র গোলেই বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে স্পেন।
ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলেছিল আর্জেন্টিনা। আক্রমণে খুব কম সুযোগ তৈরি করতে পারায় বিরতির সময় ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন মার্তিনেজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “কাপুরুষেরা পেছনের দিকে খেলে। সামনে এগিয়ে খেলো, হৃদয় দিয়ে খেলো। আমরা ওদের চেয়ে বেশি ক্ষুধার্ত। মাত্র তিনটি পাস দিলেই আমরা লিও (মেসি)-কে খুঁজে পাব। চল, সামনে খেলি। জিততেই হবে।”
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডান প্রান্ত দিয়ে মেসির কাছে দ্রুত বল পৌঁছে দেওয়ার কৌশল সফল হয়েছিল আর্জেন্টিনার। পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছিল লিওনেল স্কালোনির দল। তবে একই পরিকল্পনা স্পেনের বিপক্ষে কার্যকর হয়নি।
বিরতির সময় অধিনায়ক লিওনেল মেসিও সতীর্থদের আত্মবিশ্বাস জোগানোর চেষ্টা করেন। তিনি বলেন, “চলো, ব্যক্তিত্ব দেখাও। আমরা সবসময় তা দেখিয়েছি, এখন কেন পারব না? নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো।”
ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের টানেলেও সতীর্থদের শান্ত থাকার এবং নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার পরামর্শ দিয়েছিলেন মেসি।
বিরতির পর আর্জেন্টিনা কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেললেও তা স্পেনের রক্ষণ ভাঙার জন্য যথেষ্ট ছিল না। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়ার পরই প্রথম অন-টার্গেট শট নেন মেসি।
ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করে মেসি লেখেন, “এই কষ্ট অনেক গভীর। এই ক্ষত সারতে সময় লাগবে।”
অন্যদিকে, পুরো বিশ্বকাপজুড়ে অসাধারণ গোলকিপিংয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস তাকে দলে ভেড়ানোর বিষয়ে আগ্রহ দেখাচ্ছে।
সূত্র: টিএনটি স্পোর্টস।
কুশল/সাএ
সর্বশেষ খবর