মার্কিন সামরিক বাহিনী টানা ১১তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ হামলায় ইরানের সামরিক অপারেশন কেন্দ্র, নৌ সক্ষমতা, সামরিক বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, গত তিন মাসে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় শত শত নিরীহ নাবিকের জীবন ঝুঁকির মুখে পড়েছে এবং আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে সেন্টকম।
তবে চলমান সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালি এখনো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন বাহিনীর সহায়তায় প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। একই সময়ে প্রায় ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনও সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে ইরান এখনও এই সর্বশেষ মার্কিন হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সর্বশেষ খবর