আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার আগের অনুপ্রেরণামূলক বক্তব্যের ভিডিও প্রকাশের পর ব্যাপক আলোচনা শুরু হয়। স্পেনের বিপক্ষে ফাইনালে পরাজয়ের পর ভিডিওটির একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে মেসির বলা ‘সবকিছু ভুলে যাও’ কথাটিকে ঘিরে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছিল। তবে পুরো ভিডিও প্রকাশের পর পরিষ্কার হয়েছে, কথাটির পেছনে ছিল ভিন্ন বার্তা।
মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসি বলেন, “চলো সবাই, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যেন শান্ত থাকি। শুধু খেলায় মনোযোগ দাও। সবকিছু ভুলে যাও। শুধু খেলো, খেলায় মনোযোগ দাও। চলো।”
মেসির এই বক্তব্যের মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের ওপর থেকে চাপ কমানো এবং নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগী করা।
মাঠে প্রবেশের সময় আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের মধ্যে কৌশলগত আলোচনা করতেও দেখা যায়। গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে উদ্দেশ করে ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর কৌশল নিয়ে কথা বলেন। বিশেষ করে লামিন ইয়ামালকে কীভাবে সামলাতে হবে, তা নিয়েও সতর্ক করেন তিনি।
লিসান্দ্রো ‘লিচা’ মার্টিনেজও দিবুকে সতর্ক করে বলেন, প্রতিপক্ষ ভেতরের দিকে ঢুকে শট নেওয়ার চেষ্টা করতে পারে, তাই সেদিকে নজর রাখতে হবে। পরে তিনি নিকোলাস তাগলিয়াফিকোকে বলেন, “পুরো ম্যাচজুড়ে তাকে আটকে রাখবে।” দিবুর উদ্দেশে লিচা আরও বলেন, “প্রতিটি বল নিশ্চিতভাবে ধরবে, মানসিকভাবে শক্ত থাকো।”
এ সময় মেসি আবারও সতীর্থদের কৌশলগত নির্দেশনা দেন। তিনি লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজকে প্রতিপক্ষের আক্রমণের সময় অপ্রয়োজনীয়ভাবে বেশি সামনে উঠে না যাওয়ার পরামর্শ দেন।
সবশেষে কুতি রোমেরো দিবুকে বলেন, “আজ তোমার দিন।” জবাবে আত্মবিশ্বাসী দিবু মার্টিনেজ বলেন, “আজ আমার দিন। আজ ইতিহাসে লেখা থাকবে।”
এরপর দুই দল মাঠে প্রবেশ করে এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় করে। তবে ম্যাচ শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। মাঠে দেখা যায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা ও বাকবিতণ্ডা। শেষ পর্যন্ত পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
ভিডিওটি ঘিরে তৈরি হওয়া আলোচনা সম্পর্কে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, “আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এসব বিষয়ে কিছুই জানি না। আপনারা কী নিয়ে বলছেন, সে সম্পর্কেও আমার কোনো ধারণা নেই।”
সূত্র: টিওয়াইসি স্পোর্টস
কুশল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর