আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় কোনো ভোটারের তথ্যে ভুল, অসংগতি বা আপত্তি থাকলে তা নিষ্পত্তির জন্য দেশের ৬৪ জেলা ও ক্যান্টনমেন্ট এলাকায় ১৫৪ জন সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে সংস্থাটি।
বুধবার (২২ জুলাই) ইসির উপসচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।
এতে বলা হয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১১ ধারা মোতাবেক প্রতিবছর ২ জানুয়ারি হতে ২ মার্চ পর্যন্ত বা নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে ধারা ৩-এর দফা (জ)-এর অধীন ঘোষিত সময়কালের মধ্যে, নির্ধারিত পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদের বিধান মতে ৩১ জুলাই ২০০৮ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম, এমন ব্যক্তিদের মধ্যে ৩১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত যারা ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, ভোটার তালিকা হালনাগাদপূর্বক তাদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে নির্বাচন কমিশন ভোটার এলাকা/অধিক্ষেত্রসমূহের খসড়া ভোটার তালিকার বিষয়ে নির্ধারিত ফরমে দাখিলকৃত দাবি (ফরম-৬), আপত্তি (ফরম-৭) ও সংশোধন (ফরম-৮) সংক্রান্ত আবেদন নিষ্পত্তির উদ্দেশ্যে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করেছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, ৬৪ জেলা এবং ক্যান্টনমেন্ট এলাকায় সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে ১৫৪ জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে নিয়োগকৃত কর্মকর্তার পদবি এবং সংশোধনকারী কর্তৃপক্ষের জন্য নির্ধারিত এলাকা বা অধিক্ষেত্র উল্লেখ করা হয়েছে।
ইসির ভোটার তালিকা প্রকাশের সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানোর শেষ তারিখ আগামী ৪ আগস্ট। খসড়া ভোটার তালিকা প্রকাশ ৯ আগস্ট, দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২৪ আগস্ট, সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট, দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ ২৮ আগস্ট এবং হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট।
সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর