ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হতে চলেছে। স্যামসাং ও হুয়াওয়ের পর এবার তিন ভাঁজের বা ট্রাইফোল্ড স্মার্টফোন নিয়ে কাজ করছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো (OPPO)। তবে অন্যদের মতো তড়িঘড়ি পণ্য বাজারে না এনে প্রযুক্তিটি আরও পরিণত করতে সময় নিচ্ছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি প্রযুক্তি-সংশ্লিষ্ট একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওপো ইতোমধ্যে ট্রাইফোল্ড স্মার্টফোনের একাধিক কার্যকর প্রোটোটাইপ তৈরি করেছে। তবে উচ্চ উৎপাদন ব্যয় এবং এ ধরনের ফোনের সীমিত বাজারচাহিদার কারণে আপাতত এটি বাণিজ্যিকভাবে ছাড়ার পরিকল্পনা নেই বলে কোম্পানির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ওপো এখন তাদের প্রচলিত ফোল্ডেবল সিরিজ, বিশেষ করে Find N সিরিজের বিক্রির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে তারা পর্যবেক্ষণ করছে, ট্রাইফোল্ড স্মার্টফোন নিয়ে গ্রাহকদের আগ্রহ কতটা বাড়ছে। বাজারের পরিস্থিতি অনুকূলে এলে তবেই নতুন ডিভাইস উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।
ট্রাইফোল্ড ফোনের সুবিধা কী?
তিন ভাঁজের স্মার্টফোন সাধারণ ফোল্ডেবল ডিভাইসের তুলনায় আরও বড় ডিসপ্লে দেয়। ভাঁজ খুললে এটি ছোট আকারের ট্যাবলেটের মতো ব্যবহার করা যায়। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো, ভিডিও দেখা, গেম খেলা কিংবা অফিসের কাজ করার ক্ষেত্রে ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পাবেন।
কবে আসতে পারে ওপোর ট্রাইফোল্ড ফোন?
এ মুহূর্তে ওপো কোনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করেনি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, কোম্পানিটি ২০২৬ সালের শেষ দিকে নয়, বরং ২০২৭ সালের প্রথমার্ধে ট্রাইফোল্ড স্মার্টফোন বাজারে আনতে পারে। কারণ, বর্তমান গুজব অনুযায়ী ওপো এখনও নতুন প্রজন্মের ফোল্ডেবল প্রযুক্তি ও চিপসেট নিয়ে কাজ করছে এবং বাণিজ্যিকভাবে ট্রাইফোল্ড ফোন ছাড়তে আরও কিছুটা সময় নিতে চায়।
বিশ্ববাজারে ফোল্ডেবল ফোনের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। স্যামসাং নতুন প্রজন্মের ফোল্ডেবল ডিভাইস নিয়ে এগোচ্ছে, অন্যদিকে অ্যাপলও ভবিষ্যতে ভাঁজযোগ্য আইফোন আনতে পারে বলে দীর্ঘদিন ধরেই জোর গুঞ্জন রয়েছে। এমন পরিস্থিতিতে ওপো যদি সঠিক সময়ে ট্রাইফোল্ড স্মার্টফোন বাজারে আনতে পারে, তাহলে প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা আরও জমে উঠবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর