অভিনেতা কর্ণ কুন্দ্রা-র বিরুদ্ধে শুটিং সেটে অসদাচরণের অভিযোগ তুলেছেন অভিনেত্রী সান্বী তালওয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ২০১৫ সালে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক ইয়ে কহাঁ আ গয়ে হম-এর শুটিং চলাকালে তাঁর সম্মতি ছাড়াই কর্ণ তাঁকে চুম্বন করেন এবং পরে শারীরিকভাবে আঘাতও করেন।
সান্বীর দাবি অনুযায়ী, একটি দৃশ্যে চিত্রনাট্য অনুসারে কর্ণের তাঁকে চুম্বন করার এবং তাঁর কর্ণকে চড় মারার কথা ছিল। তবে পরিচালকের ‘অ্যাকশন’ বলার আগেই কর্ণ তাঁকে চুম্বন করেন বলে অভিযোগ করেন তিনি। এতে আপত্তি জানিয়ে দৃশ্যের মধ্যেই তিনি কর্ণকে চড় মারেন। এরপর কিছুক্ষণ পর কর্ণ ফিরে এসে তাঁকে জোরে চড় মারেন বলে অভিযোগ করেন সান্বী। তাঁর ভাষ্য, সেই আঘাতে তিনি মাটিতে পড়ে যান। পাশাপাশি কর্ণ তাঁকে ও তাঁর পরিবারকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন বলে অভিযোগ করেন তিনি।
অভিনেত্রী আরও জানান, ঘটনার সময় সেটে উপস্থিত কেউ তাঁর পাশে দাঁড়াননি। পরে ধারাবাহিকটির প্রযোজক একতা কপূর তাঁর কাছে কর্ণের হয়ে দুঃখ প্রকাশ করেন এবং মানসিকভাবে সমর্থন দেন। তাঁর দাবি, সেই হস্তক্ষেপের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
একই সাক্ষাৎকারে সান্বী আরও অভিযোগ করেন, ঘটনার পর ধারাবাহিকের পরিচালক বদলানো হলেও পরবর্তী সময়ে আরেকটি রোম্যান্টিক দৃশ্যের শুটিংয়েও তিনি অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন। তাঁর অভিযোগ, ওই দৃশ্যে পরিচালক ইচ্ছাকৃতভাবে ‘কাট’ না বলায় দৃশ্যটি অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হয়। বিষয়টি নিয়ে আপত্তি তোলার পর দ্বিতীয় পরিচালককেও সরিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
সান্বীর ভাষ্য, তিনি সব সময় সহ-অভিনেতা ও ইউনিটের সদস্যদের সঙ্গে পেশাদার দূরত্ব বজায় রাখতেন। তাঁর ধারণা, এই আচরণ কর্ণ ও পরিচালকের পছন্দ ছিল না। তিনি আরও দাবি করেন, সে সময় তাঁর মনে হয়েছিল কর্ণ তাঁর প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখাচ্ছেন। এ কারণে কর্ণের তৎকালীন প্রেমিকাকেও তিনি বিষয়টি জানিয়েছিলেন। এরপর থেকেই শুটিং সেটের পরিবেশ তাঁর কাছে আরও অস্বস্তিকর হয়ে ওঠে বলে অভিযোগ করেন অভিনেত্রী।
তবে অতীতের এই ঘটনার কথা প্রকাশ্যে আনলেও বর্তমানে কর্ণ কুন্দ্রার প্রতি তাঁর ব্যক্তিগত কোনো বিদ্বেষ বা ক্ষোভ নেই বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেছেন সান্বী।
উল্লেখ্য, এ পর্যন্ত কর্ণ কুন্দ্রা এই অভিযোগগুলোর বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কি না, সে সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাই সান্বীর বক্তব্যগুলো তাঁর ব্যক্তিগত অভিযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে।
সূত্র: আনন্দবাজার
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর