সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের একটি ফিশিং স্ক্যাম ছড়িয়ে পড়েছে। সাইবার প্রতারকরা এমন ভুয়া ইমেইল পাঠাচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে আপনার এক্স অ্যাকাউন্টে অচেনা কোনো ব্যক্তি লগ-ইন করেছে। আতঙ্ক তৈরি করে ব্যবহারকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়াই এই প্রতারণার মূল উদ্দেশ্য।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারীর কাছে এ ধরনের ইমেইল পাঠানো হচ্ছে। ইমেইলগুলো দেখতে এতটাই বাস্তবসম্মত যে প্রথম দেখায় এগুলোকে এক্সের অফিসিয়াল বার্তা বলেই মনে হতে পারে। কারণ প্রতারকরা এক্সের লোগো, রঙ, ডিজাইন ও ইমেইলের বিন্যাস প্রায় হুবহু নকল করছে।
ইমেইলে থাকা 'লগ-ইন যাচাই' বা 'অ্যাকাউন্ট সুরক্ষিত করুন' ধরনের লিংকে ক্লিক করলে ব্যবহারকারীকে এক্সের আসল ওয়েবসাইটে নয়, বরং একটি ভুয়া ওয়েবপেজে নিয়ে যাওয়া হয়। সেখানে পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য দিলে সেগুলো সরাসরি প্রতারকদের হাতে চলে যেতে পারে।
কীভাবে বুঝবেন ইমেইলটি ভুয়া?
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ভুয়া ইমেইল শনাক্ত করার সবচেয়ে সহজ উপায় হলো প্রেরকের ইমেইল ঠিকানা এবং লিংকের গন্তব্য পরীক্ষা করা। এক্সের অফিসিয়াল ইমেইল সবসময় তাদের নির্ধারিত ডোমেইন থেকেই পাঠানো হয়। এছাড়া এক্স কখনোই ইমেইলের মাধ্যমে আপনার পাসওয়ার্ড বা গোপন তথ্য জানতে চায় না।
সন্দেহজনক ইমেইল পেলে কী করবেন?
আতঙ্কিত হয়ে ইমেইলের কোনো লিংকে ক্লিক করবেন না। প্রথমে প্রেরকের ইমেইল ঠিকানা ভালোভাবে যাচাই করুন। অফিসিয়াল ডোমেইন না হলে সেটিকে স্ক্যাম ধরে নিয়ে সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। এরপর এক্স অ্যাপ খুলে অ্যাকাউন্টে কোনো নিরাপত্তা সতর্কতা এসেছে কি না তা দেখে নিন। প্রকৃত সমস্যা থাকলে এক্স অ্যাপেই তার নোটিফিকেশন পাওয়া যাবে।
ভুল করে লিংকে ক্লিক করলে করণীয়
যদি ভুলবশত ভুয়া ওয়েবসাইটে গিয়ে নিজের এক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখে ফেলেন, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করুন। একই সঙ্গে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) বা দ্বি-পদক্ষেপ যাচাইকরণ চালু করুন। এতে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঝুঁকি অনেকটাই কমে যাবে।
বর্তমানে ফিশিং হামলার কৌশল আগের চেয়ে অনেক বেশি পরিশীলিত। তাই ইমেইলে আসা যেকোনো নিরাপত্তা-সংক্রান্ত বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা এবং যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়াই আপনার এক্স অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর