হলিউড তারকা জনি ডেপ আবারও আলোচনার কেন্দ্রে। এবার অবশ্য নতুন কোনো বিতর্ক নয়, বরং একেবারে ভিন্ন রূপে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সান দিয়েগো কমিক-কন উৎসবে চার্লস ডিকেন্সের কালজয়ী চরিত্র এবিনিজার স্ক্রুজ সেজে উপস্থিত হন ডেপ। তাঁর এমন রূপ দেখে প্রথমে অনেকেই বুঝতেই পারেননি, সামনে দাঁড়িয়ে আছেন প্রিয় অভিনেতা।
মাথায় কালো টপ হ্যাট, হাতে ছড়ি, মুখভর্তি ধূসর দাড়ি-গোঁফ—সব মিলিয়ে স্ক্রুজের চরিত্রে নিজেকে এমনভাবে রূপ দিয়েছিলেন ডেপ, যা মুহূর্তেই দর্শকদের নজর কেড়ে নেয়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘ডিরেক্টর্স অন ডিরেক্টিং’ প্যানেলে আকস্মিকভাবে হাজির হয়ে তিনি নতুন ছবি ‘এবিনিজার: আ ক্রিসমাস ক্যারল’-এর প্রথম ঝলক উন্মোচন করেন। মজার বিষয় হলো, কমিক-কনের কোনো আনুষ্ঠানিক সূচিতে তাঁর উপস্থিতির কথা আগে জানানো হয়নি। তাই তাঁর আগমন ছিল পুরোপুরি চমক।
প্যানেলে ওঠার আগে স্ক্রুজের পোশাকেই অনুষ্ঠানস্থলের বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন জনি ডেপ। তাঁকে ঘিরে মুহূর্তেই ভিড় জমে যায়। সেই দৃশ্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ভক্ত ডেপকে উদ্দেশ করে বলেন, "মিস্টার স্ক্রুজ, আপনার দিনটি ভালো কাটুক।" তবে চরিত্র থেকে একটুও বেরিয়ে আসেননি অভিনেতা। স্ক্রুজের স্বভাবসুলভ খিটখিটে ভঙ্গিতেই তিনি জবাব দেন, "এখানে আবার ভালো কাটানোর কী আছে?" তাঁর এই সংলাপ ডিকেন্সের বিখ্যাত চরিত্রটির আবহই ফিরিয়ে আনে।
‘এবিনিজার: আ ক্রিসমাস ক্যারল’ ছবিটির ঘোষণা আসে ২০২৫ সালের অক্টোবরে। পরিচালক টি ওয়েস্ট নির্মিত এই ছবিতে স্ক্রুজের অতীত, বর্তমান ও ভবিষ্যতের মুখোমুখি হওয়ার এক অতিপ্রাকৃত যাত্রার গল্প তুলে ধরা হয়েছে। সেই যাত্রাই তাকে জীবনের দ্বিতীয় সুযোগের সন্ধান দেয়।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়েটিং ফর দ্য বারবারিয়ানস’-এর পর এটিই জনি ডেপের প্রথম বড় হলিউড স্টুডিও প্রযোজনার ছবি। এতে আরও অভিনয় করেছেন আন্দ্রেয়া রাইজবরো, ট্রামেল টিলম্যান, ইয়ান ম্যাককেলেন এবং রুপার্ট গ্রিন্ট।
ছবিতে জ্যাকব মার্লের চরিত্রে অভিনয় করা ইয়ান ম্যাককেলেন সম্প্রতি জনি ডেপের প্রশংসা করে বলেন, শুটিং সেটে তিনি ছিলেন প্রাণবন্ত, রসিক এবং সহ-অভিনেতাদের প্রতি অত্যন্ত আন্তরিক। তাঁর ভাষায়, "শুটিং সেটের পরিবেশ ছিল যেন উৎসবের মতো।"
সূত্র: আনন্দবাজার
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর