ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের স্বপ্ন ইতোমধ্যেই পূরণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হওয়ার পর এখন তার সামনে নতুন লক্ষ্য—ক্যারিয়ারের ১ হাজারতম গোল।
বর্তমান গোল করার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী কয়েক বছরের মধ্যেই এই বিরল কীর্তি গড়তে পারেন ৩৯ বছর বয়সী মেসি।
ফুটবলে প্রায় সব বড় শিরোপাই জিতেছেন মেসি। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে পূরণ হয়েছে তার দীর্ঘদিনের অপূর্ণ স্বপ্নও। যদিও ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি, তবু ব্যক্তিগত অর্জনের তালিকায় নতুন একটি ঐতিহাসিক রেকর্ড যোগ করার সুযোগ রয়েছে তার সামনে।
দীর্ঘদিন ধরেই ফুটবল বিশ্বে পেলে ও মেসির তুলনা নিয়ে আলোচনা রয়েছে। এবার সেই বিতর্কে যুক্ত হয়েছে ১ হাজার গোলের মাইলফলক। ফুটবল ইতিহাসে ১ হাজার গোলের প্রসঙ্গে সবচেয়ে বেশি উচ্চারিত নাম পেলে। সেই মাইলফলকের দিকেই এখন এগিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক।
বিশ্বকাপ শেষ হওয়ার পর অফিসিয়াল ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১৯। বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেইন, ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এসব গোল করেছেন তিনি। অর্থাৎ ১ হাজার গোল পূরণ করতে তার প্রয়োজন আরও ৮১টি গোল।
২০২৮ সালেই কি হাজার গোল?
বর্তমান ফর্ম বিবেচনায় মেসির জন্য এই লক্ষ্য অর্জন অসম্ভব নয়। গত আড়াই বছরে ক্লাব ও জাতীয় দলের হয়ে তার ধারাবাহিক পারফরম্যান্সই তার প্রমাণ।
গত আড়াই বছরে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার হয়ে ১১৭ ম্যাচে ৯৮ গোল করেছেন মেসি। এর মধ্যে ইন্টার মায়ামির হয়ে ৭৯টি এবং আর্জেন্টিনার হয়ে ১৯টি গোল করেছেন তিনি। ম্যাচপ্রতি গোলের গড় ০.৮৩।
এই গড় ধরে রাখতে পারলে আরও প্রায় ৯৮ ম্যাচ খেলেই বাকি ৮১ গোল করতে পারবেন মেসি। সে হিসেবে ২০২৮ সালের মধ্যেই ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে পারেন তিনি। তখন তার বয়স হবে ৪১ বছর।
গত আড়াই বছরে মেসির গোল
২০২৪ সাল
ইন্টার মায়ামি: ২৫ ম্যাচে ২৩ গোল
আর্জেন্টিনা: ১১ ম্যাচে ৬ গোল
মোট: ৩৬ ম্যাচে ২৯ গোল
২০২৫ সাল
ইন্টার মায়ামি: ৪৯ ম্যাচে ৪৩ গোল
আর্জেন্টিনা: ৫ ম্যাচে ৩ গোল
মোট: ৫৪ ম্যাচে ৪৬ গোল
২০২৬ সালের প্রথমার্ধ
ইন্টার মায়ামি: ১৬ ম্যাচে ১৩ গোল
আর্জেন্টিনা: ১১ ম্যাচে ১০ গোল
মোট: ২৭ ম্যাচে ২৩ গোল
হাজার গোলের দৌড়ে এগিয়ে রোনালদো
হাজার গোলের দৌড়ে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই মহাতারকা একই মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে রোনালদোই আগে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে পারেন। অফিসিয়াল ম্যাচে হাজার গোল পূরণ করতে তার প্রয়োজন আর মাত্র ২৪টি গোল।
পেলের গোলসংখ্যা নিয়ে বিতর্ক
আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী, অফিসিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচে পেলে ৮৩১ ম্যাচে ৭৬৭ গোল করেছেন। তবে ক্যারিয়ারের সব ধরনের ম্যাচ হিসাব করলে তার গোলসংখ্যা ১ হাজার ২৮২।
এই হিসাবের মধ্যে বিভিন্ন প্রীতি ম্যাচ, সমন্বিত দল, আঞ্চলিক নির্বাচিত দল ও ব্রাজিল সেনাবাহিনীর দলের বিপক্ষে করা গোলও রয়েছে। এসব গোল নিয়ে বিতর্ক থাকলেও সে সময়ের ফুটবল বাস্তবতা ছিল বর্তমানের চেয়ে ভিন্ন।
সান্তোসের হয়ে পেলের বিশ্বভ্রমণ এবং ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাবগুলোর বিপক্ষে খেলা প্রীতি ম্যাচগুলোও ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এসব ম্যাচের গোল হিসাব করলে পেলের মোট গোল ১ হাজার ১৫৯ থেকে ১ হাজার ১৬২-এর মধ্যে দাঁড়ায়।
তবে অফিসিয়াল ম্যাচের গোলের গড়েও পেলে এখনও সবার ওপরে।
অফিসিয়াল ম্যাচে গোলের গড়
ক্রিস্টিয়ানো রোনালদো: ১,৩৩০ ম্যাচে ৯৭৬ গোল — ০.৭৩
লিওনেল মেসি: ১,১৬৪ ম্যাচে ৯১৯ গোল — ০.৭৮
পেলে: ৮৩১ ম্যাচে ৭৬৭ গোল — ০.৯২
মেসির প্রথম অফিসিয়াল গোল
২০০৫ সালের ১ মে স্প্যানিশ লিগে আলবাসেতের বিপক্ষে বার্সেলোনার হয়ে প্রথম অফিসিয়াল গোল করেন মেসি। তখন তার বয়স ছিল ১৭ বছর ৯ মাস।
২০২১ সালে বার্সেলোনা ছাড়ার সময় প্রতিযোগিতামূলক ম্যাচে কাতালান ক্লাবটির হয়ে তার গোলসংখ্যা ছিল ৬৭২। এরপর পিএসজির হয়ে দুই মৌসুমে করেন ৩২ গোল। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে অফিসিয়াল ম্যাচে এখন পর্যন্ত করেছেন ৯০ গোল।
আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতা মেসি। দেশের জার্সিতে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি।
প্রীতি ম্যাচ ধরলে মেসির গোল ৯৫৮
অফিসিয়াল গোলের হিসাবে মেসির ক্লাব প্রীতি ম্যাচের গোল ধরা হয় না। তবে বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির হয়ে প্রীতি ম্যাচে করা ৩৯টি গোল যোগ করলে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৫৮।
অন্যদিকে, ক্লাব প্রীতি ম্যাচে করা ৪৬টি গোল যোগ করলে রোনালদোর মোট গোলসংখ্যা ১ হাজার ২২-এ পৌঁছে যায়।
তবে আন্তর্জাতিক পরিসংখ্যানে ক্লাব প্রীতি ম্যাচের গোলকে অফিসিয়াল গোল হিসেবে গণনা করা হয় না। একইভাবে বয়সভিত্তিক দল ও অলিম্পিক দলের হয়ে করা গোলও হাজার গোলের হিসাবের বাইরে থাকে।
ফলে অফিসিয়াল ম্যাচের হিসাব অনুযায়ী, মেসির সামনে এখন ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার জন্য বাকি আর ৮১ গোল। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা শেষ পর্যন্ত সেই ঐতিহাসিক কীর্তি গড়তে পারবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর