রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে পালিয়েছে এক দুর্বৃত্ত। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। আহত এসআইয়ের পিঠে ৪৩টি সেলাই দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে নিজের বাসার কাছে হামলার শিকার হন বিশেষ শাখায় (এসবি) কর্মরত এসআই ওসমান গণি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় দায়িত্ব পালন করছেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর-আদাবর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি ছিনতাইয়ের নয়। আহত পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মনে হয়েছে, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্ত্রী ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার করে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গণি। এ সময় পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় ওই পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি।
পুলিশের ভাষ্য, হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে তদন্ত চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর